চেয়ারম্যানের বাণী

Message from the Chairman

بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ

শিক্ষা একটি জাতির অগ্রযাত্রার মূল ভিত্তি। আর প্রকৃত শিক্ষা কেবল জ্ঞানার্জনের মধ্যে সীমাবদ্ধ নয়; বরং তা মানুষের চিন্তা, চরিত্র, মূল্যবোধ ও জীবনদর্শনকে আলোকিত করে। একটি শিশুর সুশিক্ষা ও নৈতিক বিকাশের মধ্যেই নিহিত রয়েছে একটি সুন্দর সমাজ ও সমৃদ্ধ ভবিষ্যৎ নির্মাণের সম্ভাবনা।

আমরা বিশ্বাস করি, প্রকৃত শিক্ষা সেই শিক্ষা, যা একজন মানুষকে জ্ঞানী হওয়ার পাশাপাশি সৎ, দায়িত্বশীল, মানবিক ও আল্লাহভীরু হিসেবে গড়ে তোলে। আধুনিক জ্ঞান-বিজ্ঞান ও প্রযুক্তিতে দক্ষতা অর্জনের পাশাপাশি একজন শিক্ষার্থীর মধ্যে ইসলামী মূল্যবোধ, নৈতিকতা, শিষ্টাচার, আত্মমর্যাদা ও মানবকল্যাণের চেতনা বিকশিত হওয়া অপরিহার্য।

এই বিশ্বাস ও প্রত্যয় থেকেই আমাদের পথচলা — তাহযিব গ্লোবাল একাডেমি। আমরা এমন একটি সমন্বিত শিক্ষাব্যবস্থা গড়ে তুলতে প্রতিশ্রুতিবদ্ধ, যেখানে জাতীয় শিক্ষাক্রমের আলোকে আধুনিক ও মানসম্মত শিক্ষার পাশাপাশি পবিত্র কুরআন, সুন্নাহ ও ইসলামী জ্ঞানের আলোয় শিক্ষার্থীদের জীবন গড়ে উঠবে। আমাদের লক্ষ্য কেবল পরীক্ষায় ভালো ফলাফল অর্জন নয়; বরং প্রতিটি শিক্ষার্থীর অন্তর্নিহিত প্রতিভা, সৃজনশীলতা, নেতৃত্বগুণ ও নৈতিক সৌন্দর্যের বিকাশ সাধন।

প্রতিটি শিশুই তার পিতা-মাতার কাছে এক মহামূল্যবান আমানত। সেই আমানতের যথাযথ পরিচর্যা, সঠিক দিকনির্দেশনা এবং সুন্দর চরিত্র গঠনে পরিবার ও শিক্ষাপ্রতিষ্ঠানের সম্মিলিত ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই তাহযিব গ্লোবাল একাডেমি শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের মধ্যে একটি আস্থাপূর্ণ ও সহযোগিতামূলক সম্পর্ক গড়ে তুলতে সচেষ্ট।

আমরা এমন এক প্রজন্ম গড়ে তুলতে চাই, যারা ঈমান ও আদর্শে দৃঢ়, জ্ঞান-বিজ্ঞানে সমৃদ্ধ, কর্মে দক্ষ, দেশ, সমাজ ও উম্মাহর কল্যাণে নিবেদিত হবে। যারা আধুনিক বিশ্বের চ্যালেঞ্জ মোকাবিলা করবে আত্মবিশ্বাসের সঙ্গে, কিন্তু নিজেদের ইসলামী পরিচয় ও মূল্যবোধ অটুট রাখবে।

তাহযিব গ্লোবাল একাডেমির এই পথচলায় সম্মানিত অভিভাবক, শুভাকাঙ্ক্ষী, শিক্ষানুরাগী ও সংশ্লিষ্ট সকলের আন্তরিক সহযোগিতা ও দুয়া কামনা করছি। মহান আল্লাহ আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টাকে কবুল করুন এবং একে দুনিয়া ও আখিরাতের কল্যাণের মাধ্যম হিসেবে গড়ে তুলুন।

শায়খ ফজলে রাববি মাদানী চেয়ারম্যান, তাহযিব ফাউন্ডেশন

পরিচিতি

শায়খ ফজলে রাববি মাদানী

শায়খ ফজলে রাববি মাদানী

মদীনা ইসলামী বিশ্ববিদ্যালয়, সৌদি আরব

আলোচক, ইসলামিক টিভি, দেশ টিভি, নাগরিক টিভি, নেক্সাস টেলিভিশন

তাহযিব ইনস্টিটিউটের মূল স্বপ্নদ্রষ্টা এবং ফ্যাকাল্টি মেম্বার। তিনি বাংলাদেশে কওমি মাদ্রাসা থেকে হিফজ ও দাওরায়ে হাদীস সম্পন্ন করেন এবং দেশের স্বনামধন্য একটি পাবলিক ইউনিভার্সিটিতে কিছুদিন পড়াশুনা করেন। মাদ্রাসা ও জেনারেল উভয় ধারায় শিক্ষাব্যবস্থায় অধ্যয়নের ফলে জেনারেলপড়ুয়া ভাই-বোনদের দ্বীনি জ্ঞানের সীমাবদ্ধতা ও বর্তমান সময়ের প্রতিবন্ধকতার ব্যাপারে তাঁর সম্যক ধারণা তৈরি হয় এবং সেখান থেকেই তাহযিব ইনস্টিটিউটের যাত্রা শুরু। এরমধ্যে বিশ্বের স্বনামধন্য ইসলামি বিদ্যাপিঠ, মদীনা ইসলামি বিশ্ববিদ্যালয়ে সৌদি সরকারের ফুল ফ্রি স্কলারশিপ লাভ করেন। ২০২২ সালে মদীনা ইসলামি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হোন এবং আরবী ভাষা ও সাহিত্যে সফলভাবে ডিপ্লোমা কোর্স সম্পন্ন করেন। বর্তমানে সেখানেই দাওয়াহ ও উসুলুদ দ্বীন বিভাগে অধ্যয়ন করছেন। পাশাপাশি অনলাইন-অফলাইনে শিক্ষা, দাওয়াহ, লেখালেখি ও সেবামূলক কাজে যুক্ত আছেন। আল্লাহ সুব. তাঁর খিদমাহকে কবুল করুন।